https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। তিনি ভৈরব পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, রাতে মন্দিরের সামনে অবস্থান করছিলেন সৈকত। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, টিনপট্টি এলাকার একটি গলিতে দুর্বৃত্তদের হামলায় আল আমিন সৈকত নিহত হয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।