https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের নানা অভিযোগ শুনে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবহেলা মেনে নেওয়া হবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু ওয়ার্ডও ঘুরে দেখেন।
হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে—এমন অভিযোগ পান মন্ত্রী। রোগীদের কাগজপত্র পর্যালোচনা ও তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অনেককে হাসপাতালের বাইরে পরীক্ষা করাতে হচ্ছে, ফলে নিজেদের পকেট থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় সব পরীক্ষা মুগদা হাসপাতালে রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। এরপরও রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’ চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি মুগদা হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোগী ও সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নজরে আসার পর সরেজমিনে পরিস্থিতি দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীরা তাকে কাছে পেয়ে চিকিৎসাসেবা ও হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন এবং সেবার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।