https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
একদিকে রাজমুকুট, অন্যদিকে ফুটবল। জীবনের এমন দ্বিধায় পড়ার সুযোগ সবার আসে না। উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার প্রস্তাব পেয়েছিলেন ৩৬ বছর বয়সী গোলকিপার জর্জ ডেসমন্ড কামুরাসি। তবে রাজপরিবারের উত্তরাধিকার হওয়ার চেয়ে নিজের বর্তমান জীবন ও ফুটবলকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। তাই রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের নবম স্তরের ফুটবলে এসই ডনসের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই গোলকিপার।
তোড়ো রাজ্যের সদ্যপ্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর শুরু হয় নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়া। গত ২৭ আগস্ট মাত্র ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে মারা যান তিনি। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন ওয়ো।
তার মৃত্যুর পর রয়্যাল সাকসেশন কমিটির প্রথম পছন্দ ছিলেন তার চাচাতো ভাই কামুরাসি। কিন্তু তিনি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রয়টার্স ও উগান্ডার সংবাদমাধ্যম পালস উগান্ডাকে কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানান, কামুরাসির বর্তমান জীবনে নানা দায়বদ্ধতা রয়েছে। এ মুহূর্তে রাজার মতো গুরুদায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে তিনি কমিটিকে জানিয়েছেন।
কামুরাসি সরে দাঁড়ানোর পর নতুন করে উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়ো রাজ্যের নতুন রাজা ঘোষণা করা হয়।
অন্যদিকে কামুরাসি ফুটবলেই গড়ে তুলেছেন নিজের পরিচয়। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার ইংল্যান্ডের নন-লিগ ফুটবলে ‘বিগ জি’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এসই ডনসের অধিনায়কও তিনি।
রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর এখন তার পুরো মনোযোগ ফুটবলকে ঘিরে। চলতি মৌসুমে এসই ডনসের সামনে রয়েছে ক্লাব ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ। প্রথমবারের মতো এফএ কাপে অংশ নেওয়া দলটি গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় বাছাইপর্বে উঠেছে।
আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে এসই ডনস। রাজমুকুটের বদলে কামুরাসির চোখ এখন সেই ম্যাচসহ ইংল্যান্ডের ফুটবলেই।