https://timenewsbangla.com

ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শর্তসাপেক্ষে আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে আনন্দ সিনেমা হলের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
বারভিডার সভাপতি আবদুল হক বলেন, গত ২৪ আগস্ট প্রকাশিত নতুন আমদানি নীতিতে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভি আমদানি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এতে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের তুলনামূলক কম দামে আধুনিক ও পরিবেশবান্ধব গাড়ি ব্যবহারের সুযোগ কমে যাবে।
তিনি বলেন, নতুন ইভির দাম এখনো অনেকের নাগালের বাইরে। রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ দেওয়া হলে কম দামে এসব গাড়ি বাজারে আসবে এবং দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়বে।
বারভিডা সর্বোচ্চ পাঁচ বছর পুরোনো ইভি আমদানির অনুমতি এবং ব্যাটারির ন্যূনতম স্টেট অব হেলথ ৭০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে। আমদানির আগে অনুমোদিত সংস্থার মাধ্যমে গাড়ি পরিদর্শন ও প্রত্যয়ন বাধ্যতামূলক করারও দাবি জানিয়েছে তারা।
এ ছাড়া বন্যা, অগ্নিকাণ্ড, গুরুতর দুর্ঘটনা বা কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত ইভি আমদানি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বারভিডার দাবি, নিয়ন্ত্রিতভাবে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ দিলে চার্জিং স্টেশন, সার্ভিসিং, ব্যাটারি পরীক্ষা ও পুনর্ব্যবহার খাতে বিনিয়োগ বাড়বে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং ২০৩০ সালের মধ্যে মোটরযান খাতে ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের লক্ষ্য অর্জনেও এটি সহায়ক হবে।