https://timenewsbangla.com

চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার হওয়া ৬৩ বিদেশি নাগরিকের কারও কাছেই পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তাদের দাবি, পাসপোর্ট রয়েছে পলাতক সহযোগী মহসীনের কাছে। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে লাওসের ৩২, পাকিস্তানের ২০, চীনের ৫, নেপালের ১ ও ভিয়েতনামের ১ নাগরিক রয়েছেন।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা এবং অন্যান্য অনলাইন অপরাধ চালিয়ে আসছিলেন।
অভিযানে তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহসীন নামে এক ব্যক্তি ভবনটি ভাড়া নিয়ে গ্রেফতার বিদেশিদের থাকা ও কার্যক্রমের বিষয়টি দেখভাল করতেন। তার কাছে পাসপোর্ট থাকার দাবি যাচাই করতে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলে বিদেশিরা বৈধ ভিসায় বাংলাদেশে প্রবেশ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ১১ সেপ্টেম্বর খুলশী থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা করা হয়। শুক্রবার গ্রেফতার ৬৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।