https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর অর্ধেক ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এ বিষয়ে নীতিমালা জারি করে। কর্মসূচি বাস্তবায়নে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, কারিগরি উদ্যোগ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি, হস্তশিল্পসহ বৈধ যেকোনো ব্যবসায়িক উদ্যোগ এ সুবিধার আওতায় আসবে। নতুন ব্যবসার পাশাপাশি বিদ্যমান ব্যবসাও অর্থায়নের সুযোগ পাবে।
আবেদনকারীর বয়স আবেদন জমার শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক হতে হবে। ঋণখেলাপি ব্যক্তি, আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তি এবং সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা এ সুবিধা পাবেন না।
ব্যবসার প্রয়োজন ও সম্ভাব্য ব্যয় বিবেচনায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান। ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে বা অর্থের অপব্যবহার করলে অনুদানের অংশও সুদমুক্ত ঋণে পরিণত হবে এবং প্রচলিত নিয়মে তা আদায় করা হবে।
প্রতিটি উপজেলায় লিড ব্যাংক নির্ধারণ করা হবে। যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতার ভিত্তিতে উদ্যোক্তা নির্বাচন করা হবে। বাছাই শেষে মনোনীতদের ১৭ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করা হবে।
অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ, মেন্টরিং, বাজার সংযোগ এবং ট্রেড লাইসেন্স বা ব্যবসা নিবন্ধনের ক্ষেত্রেও সহায়তা করবে অংশগ্রহণকারী ব্যাংক।