https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় ঢাকার বায়ুমান সূচক ছিল ১৬০। এ অবস্থায় রাজধানীর বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালিকায় ১৬৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটি। দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার স্কোর ১৬৭। ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা। ভিয়েতনামের হো চি মিন সিটি ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ এবং ইরাকের রাজধানী বাগদাদ ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউ এয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বায়ু হিসেবে ধরা হয়। বায়ুর মানের এই সূচক শহরগুলোর তাৎক্ষণিক বা লাইভ দূষণের পরিস্থিতি তুলে ধরে।