ঢাকার কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে চুল কাটাতে গেলে সাব্বিরের নেতৃত্বে কালা সোহেল, সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফরহাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। চার বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান নেই।

পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার এলাকায় ‘আরমান শাহরুখ গ্রুপ’ ও ‘পাটালি গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত বলে জানা গেছে। কিছুদিন আগে রায়েরবাজার এলাকায় পাটালি গ্রুপের সদস্যরা শাহরুখকে কুপিয়ে আহত করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

পুলিশ আরও জানায়, নিহত ফরহাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি জামিনে কারাগার থেকে বের হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।