চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফল প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ফলাফল একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে দেখা যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে পর্যায়ক্রমে এসএমএসের মাধ্যমে নির্বাচনের তথ্য পাঠানো হচ্ছে।
এবার নির্ধারিত সময়ে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। অনলাইনে আবেদন করেও ভর্তির সুযোগ পাননি ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন।
এদিকে দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে প্রতিষ্ঠানটি রাখেননি। এছাড়া ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে এবার একজন শিক্ষার্থীও ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হননি।
যেভাবে ফল দেখা যাবে
ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ করলে ফলাফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেটিও জানা যাবে।
গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

মন্তব্য করুন