রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও, মালিবাগ ও বাবুবাজারসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। তবে অন্য ঘটনাগুলোতে হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে পুলিশ জানায়, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে একজন আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর জানান, থানার সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ধারণা করা হলেও বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিচে ফেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার এসআই মো. তারেক জানান, ওপর থেকে ককটেলটি ফেলা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।
রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
এদিকে, শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন