দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও সনদায়ন ব্যবস্থা চালু হলে জাতীয় ও বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের দক্ষতা ও গ্রহণযোগ্যতা বাড়বে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা বাড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

তিনি বলেন, যুবসমাজের দক্ষতা উন্নয়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এসব কার্যক্রমের মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় অনেক প্রশিক্ষণ ও সনদ প্রত্যাশিত কার্যকারিতা পাচ্ছে না। ফলে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তরুণরা এসব সনদের কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছেন না।

এ পরিস্থিতি থেকে উত্তরণে এনএসডিএর গভর্নিং বডিকে একটি ছোট কমিটির মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় জাতীয় দক্ষতা উন্নয়নসংক্রান্ত নীতি ও কৌশলপত্র, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, বিভিন্ন খাতে দক্ষতার চাহিদা বিশ্লেষণ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রশিক্ষণের মানোন্নয়ন, সনদায়ন এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়ও আলোচনায় উঠে আসে।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।