জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর উপলক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে দেশের নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রাধিকারসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান গুরুত্ব পেতে পারে।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন ঘিরে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের দিকে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলের নজর রয়েছে। ২৪ সেপ্টেম্বরের বক্তব্যে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিভিন্ন প্রত্যাশা ও অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।