দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার মধ্যে গরম কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে কয়েকটি এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে বৃষ্টি ও তাপমাত্রা কমার কারণে কয়েকটি এলাকায় গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন