ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী ও স্বচ্ছ করার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।
ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্যসংস্থার কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো বলেন, স্বাধীন পর্যালোচনার মাধ্যমে ফিফার কার্যক্রমে সম্ভাব্য উন্নয়নের সুপারিশ করা হবে। তাঁর ভূমিকা, বড় কৌশলগত উদ্যোগে স্বচ্ছতা ও অংশগ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়ও পর্যালোচনায় থাকবে।
সম্প্রতি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়ে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। প্রস্তাবটিতে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার পরিকল্পনা ছিল।
ইনফান্তিনো দাবি করেন, এতে ফিফার ক্রীড়াসংক্রান্ত সিদ্ধান্ত বা কর্তৃত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তাঁর ভাষ্য, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রস্তাবটি প্রকাশ্যে চলে আসায় ভুল ধারণা তৈরি হয়েছে যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া, ফিফার স্বাধীনতা ও ক্রীড়াসংক্রান্ত কর্তৃত্ব বিক্রির জন্য কখনোই ছিল না।
এফএফই প্রস্তাব বাতিল হলেও ফুটবলে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থেকে সরে আসছেন না ইনফান্তিনো। সদস্যসংস্থাগুলোর উন্নয়ন ও সহায়তা বাড়াতে ফিফার সম্পদ টেকসইভাবে বৃদ্ধির উপায় খোঁজা অব্যাহত থাকবে বলে জানান তিনি। তাঁর মতে, পরিবর্তন আসবে বড় উদ্যোগ তৈরি, যাচাই ও চূড়ান্ত করার প্রক্রিয়ায়।

মন্তব্য করুন