সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে অনেক ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বর্তমানে অনুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করছে কি না, তা যাচাই করা হবে। অনিয়ম পাওয়া গেলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক করার উদ্যোগের কথাও জানান তিনি। আগামী অক্টোবর থেকে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১ করার কাজ শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে হাসপাতালে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিক প্যাথলজি ল্যাব এবং পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন