বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। এ সময় বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে ভারতে আমদানি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গভর্নর।

বৈঠকে বাংলা কিউআর-এর ব্যবহার আরও সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু বা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

ভারতের হাইকমিশনার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও সহজ করার ওপর গুরুত্ব দেন। জবাবে গভর্নর জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন বিনিয়োগবান্ধব নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ও অর্জিত মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন তুলনামূলক সহজ হবে।

এ সময় প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে বাংলাদেশে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান গভর্নর।

বৈঠকে ভারতের ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।