লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিন দিনেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—কেরোয়া ইউনিয়নের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও ফাহিমা আক্তারের ছেলে ইকরামুল হাসান মিনহাজ (১৪)।
সায়েম রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।
পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে দুজনই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। তাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোগিতা চেয়েছেন স্বজনরা।
নিখোঁজ মিনহাজের বাবা এমরান হোসেন ও সায়েমের বাবা জাকির হোসেন জানান, সন্তানদের সন্ধান না পেয়ে তারা উদ্বিগ্ন। কেউ তাদের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন