বাংলাদেশে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে আসা রেমিট্যান্স এখন নির্দিষ্ট শর্তে বৈদেশিক মুদ্রায় জমা রাখা যাবে। এসব অর্থ প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবেও জমা করা যাবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রায় আমানত রাখার প্রক্রিয়া সহজ করা এবং বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসা অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আইএমটিওর মাধ্যমে আসা রেমিট্যান্সও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এসব হিসাবে জমা করা যাবে।

তবে এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার সব শর্ত ও অন্যান্য পরিপালন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নতুন সুবিধার ফলে রেমিট্যান্স গ্রহীতারা প্রবাসী আয়ের একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। এতে দেশে বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের সুযোগ বাড়বে এবং বৈধ পথে আসা রেমিট্যান্স ব্যবস্থাপনায় আরও নমনীয়তা তৈরি হবে।

বিশেষ করে যেসব প্রবাসী দেশে নিয়মিত ব্যাংক হিসাব পরিচালনা করেন না, তাদের জন্য এ সুবিধা কার্যকর হতে পারে। তবে বৈদেশিক মুদ্রা হিসাবভুক্ত করার ক্ষেত্রে বিদ্যমান বিধিমালার শর্তগুলো আগের মতোই প্রযোজ্য থাকবে।