ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আগে জমা পড়া ১৩টি আবেদনের মধ্য থেকে চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন আহ্বান করে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে দেশের বিভিন্ন শীর্ষ শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের উদ্যোগে মোট ১৩টি আবেদন জমা পড়ে।
তৎকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর। তবে প্রশাসনিক বিভিন্ন জটিলতার কারণে ওই সময় আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আহসান এইচ মনসুরের স্থলে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর নতুন করে আবেদন আহ্বান না করে আগের জমা পড়া ১৩টি আবেদন যাচাই-বাছাই করা হয়।
সেই যাচাই-বাছাই শেষে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়ে প্রাথমিক অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন পরবর্তী প্রক্রিয়ায় এসব প্রতিষ্ঠানের আবেদন ও প্রয়োজনীয় শর্ত যাচাই করে চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন