দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিনজন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৭ জন, চট্টগ্রামে ২৮২ জন, সিলেটে ১৫৬ জন, বরিশালে ১৩০ জন, খুলনায় ১০৩ জন, ময়মনসিংহে ৭২ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুরে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।