সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম এ আদেশ দেন।
এর আগে রাতে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নি.) এ বি এম আবদুল্লাহ খালেদ সাকিব। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, আসামি প্রকাশ্যে দেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি এবং সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এসব ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, রাকিবুল হাসান ফেসবুকে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

মন্তব্য করুন