ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জের বাগাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শ্যামপুর থানা পুলিশ। পরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

পুলিশ জানায়, সম্প্রতি যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে ইমনের সংশ্লিষ্টতার তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ১ কেজি ৫০০ গ্রাম কস্টিক সোডা, ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ৫ কেজি মারবেল, ২ কেজি তারকাঁটা, ককটেল মোড়ানোর ২০টি লাল কস্টেপ ও ১১টি কালো কস্টেপ। এছাড়া তিনটি কার্টন থেকে ৯ হাজার কাগজের মুখোশ, মুখোশ পরার ৩০ প্যাকেট ইলাস্টিক এবং একটি ব্লেন্ডার ও জার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন, লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সাহায্যে মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরে বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের জন্য সেগুলো বাসায় রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, ইমনের বিরুদ্ধে শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।