বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৩.১৯ ডলারে উঠেছে। তবে সপ্তাহের হিসাবে সোনার দাম কমেছে প্রায় ১.৭ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৯ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। এতে সোনার বাজারেও সাময়িক স্থিতিশীলতা এসেছে।

তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা সোনার দামের ওপর চাপ তৈরি করছে। কারণ সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার সুযোগ-ব্যয় বেড়ে যায়।

সিএমইর ‘ফেডওয়াচ’ টুল অনুযায়ী, বাজারে আগামী অক্টোবরে আরও ০.২৫ শতাংশ সুদ বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে বাড়ার সম্ভাবনা ৯৫ শতাংশ হিসেবে দেখা হচ্ছে।