কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন মামলাটির তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।
শুক্রবার রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলাটির তদন্ত করছিলেন এসআই সাইফুল ইসলাম। আজ-কালের মধ্যে মামলার নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
রাজিব আহমেদ জানান, নথিপত্র পাওয়ার পর তদন্ত শুরু করবেন এবং দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করবেন।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন ও সিয়াম নামে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামিকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে আদালত।

মন্তব্য করুন