ঢাকা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে, পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামীকালও ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে।
রোববার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের দিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

মন্তব্য করুন