দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের মধ্যে প্রথম দফায় টিকার আওতার বাইরে থাকা প্রায় ৩৪ লাখ শিশুকে এমআর (হাম-রুবেলা) টিকার আওতায় আনতে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের পর নিয়মিত চার বছর পরপর পরিচালিত হওয়ার কথা থাকলেও এমআর টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। এতে বিপুলসংখ্যক শিশু টিকার সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, টিকাদান কর্মসূচি বন্ধ থাকার প্রভাব বর্তমান সময়ে এসে পড়েছে। হামের কারণে অনেক পরিবারকে কষ্ট পেতে হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সংক্রামক রোগ মোকাবিলায় চিকিৎসকেরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। করোনাসহ বিভিন্ন সংকটে দেশের চিকিৎসকদের নিষ্ঠা ও আত্মত্যাগের কথাও তিনি তুলে ধরেন।

তিনি জানান, অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে হাম থেকে নিউমোনিয়ার মতো জটিলতা তৈরি হয়ে মৃত্যুঝুঁকি বাড়তে পারে। তাই হাম প্রতিরোধে টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।