যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান। ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক আলোচনায় বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ দেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে।
তিনি বলেন, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এগিয়ে যেতে হবে।
আলোচনায় এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর শিল্প, প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
তবে ১ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ আগ্রহ এখনো চূড়ান্ত বিনিয়োগ চুক্তি নয়, এটি আগ্রহ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনার পর্যায়ে রয়েছে।



মন্তব্য করুন