দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন রোগী। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৪৯ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২১ জন। এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।
নতুন ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৫২৫ জন ঢাকা বিভাগে। চট্টগ্রামে ৩১৯ জন, খুলনায় ২৭৬ জন, বরিশালে ২১৫ জন, রাজশাহীতে ১৩২ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রংপুরে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ও হাসপাতালে রোগী ভর্তির হার অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন