যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ আহ্বান জানায়।
সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের অভিবাসন-সংক্রান্ত আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের কাছে থাকতে পারে। তাই সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে সত্য তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানায়, কোনো আবেদনকারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভিসা-সংক্রান্ত নির্দেশনাতেও জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বিষয়ে সতর্ক করা হয়েছে।
দূতাবাস আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় সঠিক ও যাচাইযোগ্য তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়েছে।

মন্তব্য করুন