বাংলাদেশ রেলওয়ের লোকসান কমিয়ে আয় বাড়াতে মালবাহী কোচের সংখ্যা বৃদ্ধি এবং পণ্য পরিবহন সম্প্রসারণের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে রেলওয়ের আয়-ব্যয় ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে যাত্রী পরিবহনের পাশাপাশি মালবাহী কোচ বাড়িয়ে দেশীয় পণ্য পরিবহন এবং রপ্তানি পণ্য পরিবহনের মাধ্যমে আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
রেলওয়ের ডিজিটাল সেবা আরও কার্যকর করা, নির্ধারিত মান অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করা হয়। টিকিট বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত প্রস্তাবিত রেলপথের অগ্রগতি এবং সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও তথ্য উপস্থাপন করা হয়।

মন্তব্য করুন