নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা থাকলেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ রয়েছে।
সরকারি নির্ধারিত দামে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের মাধ্যমে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
জাহেদ উর রহমান বলেন, আইন অমান্যকারীদের জরিমানার পাশাপাশি তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু অভিযান চালিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।
এলপিজি ব্যবসায়ীদের সঙ্গেও সরকার আলোচনা করছে বলে জানান তিনি। ব্যবসায়ীদের আমদানি ও বোতলজাতকরণ কার্যক্রমে ন্যায্য পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এলপিজি মানুষের অত্যন্ত প্রয়োজনীয় পণ্য। কোথাও নির্ধারিত দামে এলপিজি না পাওয়া গেলে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। অভিযোগের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


মন্তব্য করুন