রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের সময় পোশাকশ্রমিক সায়মনকে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন কেনার দায়ে সুজন নামে এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১১ অক্টোবর প্রথম মাসের বেতন পাওয়ার পর বন্ধুদের সঙ্গে বাইরে বের হন সায়মন। বাড়ি ফেরার পথে মিরপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি ও তার বন্ধু রাব্বি।

অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাদের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায়। সেখানে সায়মনকে আলাদা করে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার পর ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সায়মনের বাবা দারুস সালাম থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।