দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব ধরনের সেবা পুরোপুরি চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতোই লেনদেন করতে পারবেন।
একই রাতে ব্যাংক এশিয়াও জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের স্বাভাবিক লেনদেন পুনরায় শুরু করার কথাও জানানো হয়।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পয়েন্ট অব সেল, কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক সেবা ব্যাহত হয়।
প্রাথমিকভাবে কয়েকটি ব্যাংক গ্রাহকদের জানিয়েছিল, এসব সেবা ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হতে পারে। তবে গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক দ্রুত সেবা চালুর উদ্যোগ নেয়।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে পাঠানো হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দ্রুত কার্ড-সংশ্লিষ্ট সব সেবা চালুর নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন ব্যাংকগুলোর বন্ধ থাকা সেবাগুলো পুনরায় সচল করা হয়।

মন্তব্য করুন