বাংলাদেশে হাইব্রিড গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের পরিকল্পনা জানিয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (এইচইভি) কারখানা স্থাপনের কাজ শুরু হতে পারে এবং ২০২৯ সালের মধ্যে উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ পরিকল্পনার কথা জানায় টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি।
বৈঠকে বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টয়োটার পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে দেশে কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত বিনিয়োগের ফলে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয়ভাবে দক্ষ জনবল তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
টয়োটার বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও অবকাঠামোগত সুবিধা দেওয়ার কথাও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশোর আগ্রহ থাকলে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এদিকে টয়োটা জানিয়েছে, দেশের সব বিভাগীয় পর্যায়ে তাদের বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ শিল্পের জন্য দক্ষ জনবল তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করতে চায়।

মন্তব্য করুন