নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
বুধবার (৭ অক্টোবর) সকালে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং কতটা উত্তোলনযোগ্য, তা নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্স সূত্র জানায়, গত ২৯ জুলাই সুন্দলপুর-৪ কূপের খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে।
খননের সময় ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটির উৎপাদন সক্ষমতা ও গ্যাসের মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

মন্তব্য করুন