দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে—১৪৮ জন। অক্টোবরের প্রথম ছয় দিনেই মারা গেছেন ৪২ জন। এছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে।
এদিকে একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ১৫২ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৩০ জন ঢাকা বিভাগে। এছাড়া খুলনায় ৩৭৬, চট্টগ্রামে ২১৬, বরিশালে ২০০, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ১১০ এবং রংপুরে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্তব্য করুন