সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।

অন্যদিকে মূল্যস্ফীতি বাড়লেও সেপ্টেম্বরে কমেছে সাধারণ মজুরি সূচক। আগস্টে ৮ দশমিক ০৫ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে তা কমে ৭ দশমিক ৯০ শতাংশ হয়েছে। ফলে আয় কমার সঙ্গে ব্যয় বাড়ায় নিম্ন আয়ের মানুষের ওপর চাপ আরও বেড়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বরের হালনাগাদ তথ্যে এসব চিত্র উঠে এসেছে।

সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ২২ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ। ফলে মাছ, মাংস, তেল, ডাল, লবণ ও সবজিসহ নিত্যপণ্যের ব্যয় বেড়েছে।

তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, আগস্টে যা ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

এদিকে শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেশি ছিল। সেপ্টেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ, আর শহরে ৮ দশমিক ২৬ শতাংশ।

মজুরি সূচকও কমেছে সব খাতে। কৃষিতে ৭ দশমিক ৮৯, শিল্পে ৭ দশমিক ৮৬ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশে নেমেছে মজুরি বৃদ্ধির হার।

অর্থনীতিবিদদের মতে, নিত্যপণ্যের দাম বাড়ার বিপরীতে আয় বৃদ্ধির গতি কমে যাওয়ায় নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে।