ছবি: -সংগৃহীত
৪৯ বছর বয়সেও অসাধারণ ফিটনেস ধরে রেখেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা নাচ, বিশ্বজুড়ে ট্যুর ও ব্যস্ত পারফরম্যান্সের মধ্যেও তাঁর শারীরিক সক্ষমতা দেখে অনেকেই বিস্মিত হন।
শাকিরার দীর্ঘদিনের প্রশিক্ষক অ্যানা কাইজার জানিয়েছেন, তাঁর ফিট থাকার মূল রহস্য হলো নিয়মিত শরীরচর্চা, নাচ ও সুষম খাদ্যাভ্যাস।
শাকিরার ব্যায়ামের বড় অংশজুড়ে থাকে ড্যান্স-কার্ডিও, যেখানে নাচের মুভমেন্টের মাধ্যমে শরীরের সহনশীলতা ও ক্যালরি খরচ বাড়ানো হয়। এর সঙ্গে তিনি হালকা ওজন ব্যবহার করে বারবার অনুশীলন করেন, যা শরীরকে টোনড রাখতে সাহায্য করে।
তার ওয়ার্কআউটে কোর বা পেটের পেশির ব্যায়ামের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পিলাটেসসহ লো-ইমপ্যাক্ট এক্সারসাইজ করেন, যাতে শরীরে অতিরিক্ত চাপ না পড়ে।
খাদ্যাভ্যাসেও শৃঙ্খলা মেনে চলেন শাকিরা। ব্যায়ামের ৪৫ মিনিটের মধ্যে প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করেন তিনি। দিনের শুরুতে সাধারণত ডিম ও সবজি, দুপুরে প্রোটিন সালাদ এবং রাতে হালকা সবজি ও প্রোটিন গ্রহণ করেন।
এছাড়া দুই থেকে তিন ঘণ্টা পরপর পুষ্টিকর খাবার খেয়ে শরীরের শক্তি ধরে রাখেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, কোনো শর্টকাট নয়—নিয়মিত ব্যায়াম, সক্রিয় জীবনযাপন ও সুষম খাদ্যাভ্যাসই শাকিরার দীর্ঘদিনের ফিটনেসের মূল ভিত্তি।