ছবি: -সংগৃহীত
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষর করার পর ফাঁসির রায় অনুমোদনের জন্য মোট ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে পাঠানো হয়। এর মধ্যে মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি ৬৯ পৃষ্ঠা এবং ডেথ রেফারেন্স সংক্রান্ত ৩ পৃষ্ঠার নথি রয়েছে।
এর আগে ৭ জুন মামলার রায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
রায়ে বলা হয়, ধর্ষণের পর হত্যার ঘটনায় গুরুতর জখমের প্রমাণ পাওয়া গেছে। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া অপরাধ সংঘটনে সহযোগিতা ও প্রতিরোধে ব্যর্থতার বিষয়টি আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।
ফৌজদারি আইনে মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। এখন হাইকোর্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।