ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ২৯ বার পঠিত
বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ছবি: -সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিকে অভিন্ন সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

ঢাকায় সংগঠনটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ সদস্য দেশগুলোর মধ্যে আস্থা, অন্তর্ভুক্তি ও সহযোগিতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

তিনি একটি উন্মুক্ত, সমৃদ্ধ ও আন্তঃসংযুক্ত বঙ্গোপসাগরীয় অঞ্চল গড়ে তুলতে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি বিনিময়, শক্তিশালী সরবরাহ শৃঙ্খল এবং জনগণের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনটির মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে বলেন, সংস্থাটি ২৯তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আঞ্চলিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড—এই সাতটি দেশ নিয়ে গঠিত এ আঞ্চলিক জোট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031