ছবি: -সংগৃহীত
খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। দাবি পূরণ না হওয়ায় রোববার থেকে এই ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ এবং পরিবহন নীতিমালা বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।
তাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের সঙ্গে আলোচনা হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাস মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. অনুমোদনবহির্ভূত বিআরটিসি ও লিজকৃত যানবাহন চলাচল বন্ধ করা এবং অবৈধ কাউন্টার অপসারণ
২. মহাসড়কে সব ধরনের থ্রি-হুইলার, নছিমন, করিমন ও অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করা
৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূত লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা
বাগেরহাট জেলা প্রশাসন জানিয়েছে, পরিবহন ধর্মঘট এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।