চার মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’
ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৯ বার পঠিত
ছবি: -সংগৃহীত
দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি গুরুত্বপূর্ণ এই নৌপথ পেরিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালি অতিক্রমের পর জাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাত্রা করেছে।
বিএসসির তথ্য অনুযায়ী, জাহাজটি গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
১১ মার্চ জাবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা বিবেচনায় বিএসসি সেটিকে সংঘাতপ্রবণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে জাহাজটি দীর্ঘ সময় ওই অঞ্চলে অবস্থান করতে বাধ্য হয়।