https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বেড়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে মোট লেনদেনের পরিমাণ।
রোববারের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৯ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে ডিএসইতে মোট ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ২৪১ কোটি টাকার বেশি। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১৯৯টির শেয়ারদর বেড়েছে, ১৫৬টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষে ছিল লাভেলো আইসক্রিম, বিএসসি, মালেক স্পিনিং, ইস্টার্ন হাউজিং, আইটি কনসালটেন্ট, জেনেক্স, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, সামিট পোর্ট এবং মেঘনা ইন্স্যুরেন্স।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯২ পয়েন্টে পৌঁছেছে।
সিএসইতে ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির শেয়ারদর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।
তবে সিএসইতে লেনদেন কমে দাঁড়িয়েছে ১০ কোটি ১১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪৮ কোটি ৭৩ লাখ টাকা থেকে প্রায় ৩৮ কোটি টাকা কম।