পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হয়েছে। শনিবার ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের ঈদযাত্রা।
সকাল থেকে একে একে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেলেও প্রথম দিনে যাত্রীচাপ তুলনামূলক কম দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। সকাল ১০টা পর্যন্ত স্টেশন থেকে ১২টি ট্রেন ছেড়ে যায়।
তবে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে স্টেশন ছাড়ে। কোনো কোনো ট্রেন ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত বিলম্বে ছেড়ে যায়। রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছেড়ে যায় সাড়ে ৯টায়। একইভাবে জামালপুর এক্সপ্রেসও নির্ধারিত সময়ের পর স্টেশন ত্যাগ করে।
সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অনলাইনে টিকিট সংগ্রহ ও নির্ধারিত আসনে বসতে কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানতে চান।
যাত্রীরা জানান, এখন পর্যন্ত অতিরিক্ত ভিড় না থাকায় টিকিট অনুযায়ী আসনে বসতে সমস্যা হচ্ছে না। তবে ট্রেনের সেবার মান উন্নয়নের দাবি জানান অনেকেই। যাত্রীদের অভিযোগের মধ্যে ছিল ফ্যান নষ্ট, ভাঙা সিট এবং অপরিষ্কার টয়লেট।
রেলওয়ের মহাপরিচালক যাত্রীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।