ঢাকা
২৭ আগস্ট ২০২৬

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ৪১ বার পঠিত
দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি পরিদর্শন ও চালিয়ে দেখেছেন। এ সময় তিনি নির্মাতা প্রতিষ্ঠানের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি বৈদ্যুতিক যানবাহন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি একটি এসইউভি ও একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন।

নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, এটি দেশের প্রথম দেশীয় প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এসব যানবাহনে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার চেষ্টা করা হয়েছে বলেও তারা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করা যায় এবং তাতে দেশ উপকৃত হয়, তাহলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রদর্শনের জন্য আনা হয় দুটি এসইউভি, একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল। সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে একটি এসইউভি চালান। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন। পরে তিনি একটি কাভার্ড ভ্যানও চালিয়ে দেখেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান এবং ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে নিয়ে বৈঠক করেন। সেখানে বৈদ্যুতিক গাড়ির বাজারজাতকরণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে চেয়ারম্যান এ মান্নান হোসেন খান বলেন, গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামালে শুল্ক সুবিধা পেলে কম খরচে বাজারে গাড়ি আনা সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির জানান, ইউরোপীয় মান বজায় রেখে গাড়িগুলো তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে বিদেশে রপ্তানিরও সম্ভাবনা রয়েছে।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, একটি এসইউভি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে, আর দ্রুত চার্জে লাগে প্রায় আধা ঘণ্টা। অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031