https://timenewsbangla.com

দেশের যেসব ছোট ছোট এলাকায় কিছু শিশু হামের টিকা থেকে বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষভাবে টিকাদান কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি হামের রোগী ব্যবস্থাপনায় চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে এবং চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
স্বাস্থ্যসচিব জানান, কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। এসব শিশুকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সরকারের হাতে প্রায় ১৬ লাখ হামের টিকা রয়েছে।
সভায় জানানো হয়, আক্রান্তদের মধ্যে প্রায় ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস, ১৪ শতাংশের বয়স ৫ থেকে ১০ বছর এবং বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।
সভায় হামের চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্তও নেওয়া হয়। চিকিৎসকদের নির্দেশিকাটি অনুসরণে প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
তবে ছয় মাসের কম এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের হামে আক্রান্ত হওয়ার বিষয়ে সভায় আলোচনা হলেও তাদের জন্য আলাদা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।