https://timenewsbangla.com

জুলাই গণ–অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। তাদের মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ বন্দির ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কারা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন।
তিনি জানান, পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৬৯০ জনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কারাগারে বন্দিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে কারা মহাপরিদর্শক বলেন, কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে। প্রতিটি কারাগারে খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণ করা হয়। এর মধ্যে ২১টি কারাগার সংস্কারের প্রয়োজন রয়েছে।
কারাগারে মাদক প্রবেশ এবং কারারক্ষীদের সহযোগিতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। কোনো কারারক্ষী মাদকসংক্রান্ত অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
তিনি আরও জানান, গত দুই বছরে বিভিন্ন অনিয়মের কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং ছোটখাটো অপরাধের কারণে ৩০৩ জনকে প্রশাসনিকভাবে অন্য বিভাগে বদলি করা হয়েছে।