ঢাকা
১৯ আগস্ট ২০২৬

তারেক রহমান ভারত সফরে গেলে সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে : ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ২৭ বার পঠিত
তারেক রহমান ভারত সফরে গেলে সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে : ভারতীয় হাইকমিশনার

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাকে প্রাপ্য মর্যাদা অনুযায়ী সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে মোদি তাকে জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়া প্রয়োজন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন, তাকে এমন সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে, যা তিনি প্রাপ্য। সফরটি স্মরণীয় হবে এবং শেষ পর্যন্ত এর সুফল দুই দেশের মানুষের কাছে পৌঁছাবে।’

তিনি বলেন, ভারত ও বাংলাদেশ শুধু সীমান্তই ভাগ করে নেয় না; দুই দেশের মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সমতার বিষয়ও জড়িত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানানোর কথাও উল্লেখ করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের প্রধানমন্ত্রীই প্রথম তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন এবং প্রথম তাকে ভারত সফরের আমন্ত্রণও জানান। এরপর ভারতের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন।

দুই দেশের সম্পর্কে কিছু মতপার্থক্য রয়েছে স্বীকার করে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের মন্ত্রীদের সঙ্গে এসব বিষয় নিয়ে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করছে। তার মতে, প্রাণবন্ত গণতন্ত্রে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক।

বাংলাদেশের মানুষের উদ্বেগ ভারত গভীরভাবে বোঝে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্বেগ কমাতে দুই দেশের মধ্যে আরও বেশি যোগাযোগ ও সরাসরি সাক্ষাৎ প্রয়োজন। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সফররত প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031