ঢাকা
১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটনে নতুন দ্বার, সহজ হচ্ছে ভিসা-ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটনে নতুন দ্বার, সহজ হচ্ছে ভিসা-ফ্লাইট

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতের সহযোগিতা আরও জোরদারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের পর্যটকদের যাতায়াত সহজ করতে ভিসা প্রক্রিয়া দ্রুত করা, প্রি-ভেরিফিকেশন ব্যবস্থা উন্নত করা এবং দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পর্যটন খাতের অভিজ্ঞতা ও সেরা চর্চা বিনিময়ের পাশাপাশি পর্যটন সেবার মান উন্নয়ন এবং খাতটির সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পর্যটকদের ভ্রমণ আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন উভয় পক্ষ।

বিশেষ করে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করা এবং প্রি-ভেরিফিকেশন ব্যবস্থার উন্নয়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়াতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনাও তুলে ধরা হয়।

মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে যৌথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের প্রশিক্ষিত কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন শিল্পেও দক্ষ জনবলের সরবরাহ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

দুই দেশের প্রতিনিধিরা মনে করেন, পর্যটন খাতে এই সহযোগিতা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে না, বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ও আরও গভীর করবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পক্ষে দেশটির পর্যটন মন্ত্রণালয় ও ট্যুরিজম মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031