https://timenewsbangla.com

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীও তাকিয়ে আছে। ১৯৯১ সালের পর আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। ফলে সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট অনেকেরই এ ধরনের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নেই। তবে প্রয়োজনীয় সব ধরনের মহড়া ও প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে প্রক্রিয়ায় কোনো ঘাটতি না থাকে।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকলেও শুধু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক আহ্বান করা হয়েছে। সেই বৈঠকেই সংসদ সদস্যরা ভোট দেবেন।
ভোটগ্রহণের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়া সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোট গণনা শুরুর সময়ও লাইভ টেলিকাস্ট করা হবে।
তিনি বলেন, সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চলে যেতে বাধ্য নন। তারা চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন। পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।
সিইসি জানান, প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল হয়েছে—সব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করার পর রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।